ব্যাংক হিসাব পরিচালনায় নন-লাইফে নতুন নির্দেশনা আইডিআরএ’র
1 min read

ব্যাংক হিসাব পরিচালনায় নন-লাইফে নতুন নির্দেশনা আইডিআরএ’র

নন-লাইফ বীমায় ব্যাংক হিসাব পরিচালনার জন্য নতুন নির্দেশনা জারি করেছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এতে ব্যাংকাস্যুরেন্স চুক্তিবদ্ধ বীমা কোম্পানিগুলোর সংশ্লিষ্ট ব্যাংকে প্রিমিয়াম সংগ্রহের হিসাব খোলা না থাকলে শর্তসাপেক্ষে আরেকটি হিসাব খুলতে পারবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এ সংক্রান্ত সার্কুলার নং- নন-লাইফ ১০০/২০২৪ জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ সার্কুলার জারি করা হয়েছে।

আইডিআরএ বলছে, নন-লাইফ বীমা কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত সার্কুলার নম্বর নন-লাইফ ৬৪/২০১৯ ও নন-লাইফ ৬৮/২০১৯ এর মাধ্যমে কোম্পানিগুলোর সর্বোচ্চ ৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রিমিয়াম গ্রহণ করার সুযোগ সীমিত রয়েছে।

সম্প্রতি সরকার কর্তৃক ব্যাংকাস্যুরেন্স চালু করা হয়েছে। কোন কোন বীমা কোম্পানি ব্যাংকাস্যুরেন্সের আওতায় যে সকল ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সে সকল ব্যাংকে সংশ্লিষ্ট বীমা কোম্পানির প্রিমিয়াম গ্রহণের ব্যাংক হিসাব নাও থাকতে পারে।

এমতাবস্থায় ব্যাংকাস্যুরেন্সের আওতায় চুক্তিবদ্ধ ব্যাংকে বীমা কোম্পানির প্রিমিয়াম গ্রহণের ব্যাংক হিসাব না থাকলে ৫টি শর্ত পরিপালন সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যাংকে বীমার প্রিমিয়াম গ্রহণের জন্য বীমা কোম্পানি নির্দিষ্ট ৩টির অতিরিক্ত একটি ব্যাংক হিসাব চালু করতে পারবে।

আইডিআরএ’র দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে-

ব্যাংকাস্যুরেন্সের চুক্তিবদ্ধ ব্যাংকে শুধুমাত্র চুক্তিকালীন সময়ের জন্য বীমা প্রিমিয়াম গ্রহণের জন্য একটি মাত্র ব্যাংক হিসাব চালু করা যাবে এবং এরূপে চালুকৃত হিসাব নম্বর কর্তৃপক্ষকে অবহিত করতে হবে;

ব্যাংকের সাথে ব্যাংকাস্যুরেন্স চুক্তি সমাপ্ত হলে বা নবায়ন না হলে অনতিবিলম্বে ব্যাংক হিসাবটি বন্ধ করে হিসাবে রক্ষিত অর্থ বীমা কোম্পানির মূল প্রিমিয়াম গ্রহণের ব্যাংক হিসাবে আবশ্যিকভাবে স্থানান্তর করতে হবে;

শুধুমাত্র প্রিমিয়াম গ্রহণের জন্য এ ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে। অন্য কোন উদ্দেশ্যে এ হিসাব হতে কোন প্রকার লেনদেন করা যাবে না।

তবে, হিসাবটিতে জমাকৃত প্রিমিয়াম যদি ব্যাংকাস্যুরেন্স গ্রাহককে ফেরত দিতে হয়, সেক্ষেত্রে উক্ত হিসাব হতে বীমা গ্রাহকের ব্যাংক হিসাবে ট্রান্সফারের মাধ্যমে ফেরত প্রদান করা যাবে;

ব্যাংক হিসাবটিতে জমাকৃত প্রিমিয়ামের অর্থ একটি নির্দিষ্ট সময় (এক মাসের অধিক নয়) অন্তর অন্তর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বীমা কোম্পানির বীমা প্রিমিয়াম গ্রহণের মূল ব্যাংক হিসাবের যেকোন একটিতে স্থানান্তর করতে হবে;

কর্তৃপক্ষ যেকোন সময় এরুপ ব্যাংক হিসাব বন্ধের নির্দেশনা প্রদান করতে পারবে। সেক্ষেত্রে ব্যাংক হিসাবটি অনতিবিলম্বে বীমা কোম্পানী কর্তৃক বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *